আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
অবসরের ঘোষণা দিয়ে মেসি লেখেন, ‘ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে। অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’
তিনি বলেন, সিদ্ধান্তটি নিতে তার আত্মা কেঁদেছে। তবে এটিই সঠিক সময় বলে মনে করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সির জন্য সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও জানান মেসি।
মেসি লেখেন, ‘আমি সর্বদাই নিজের সেরাটা দিয়েছি। শুধু শেষ কয়েক বছরই নয়, যখন আমরা সবকিছু জিতলাম, তার আগেও। সর্বদা আমি এই জার্সির জন্য লড়াই করেছি এবং সর্বস্ব উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে পারি।’
জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে মেসি বলেন, সময় খুব কম বাকি এবং প্রতিটি অধ্যায় ধীরে ধীরে শেষ হচ্ছে। জাতীয় দলের হয়ে খেলার প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি।
মেসি বলেন, ‘আমি ভালোবাসতাম, ভালোবাসি এবং সারাজীবন জাতীয় দলে থাকাকে ভালোবাসব। আমি নিজেকে শূন্য করে দিয়েছি, আমার আর দেওয়ার মতো কিছুই নেই। তাছাড়া পেছনে অনেক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আসছে, যাদের এখানে থাকার যোগ্যতা রয়েছে।’
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, গত ২০ বছরে পাওয়া ভালোবাসা তিনি কখনো ভুলবেন না। মাঠ থেকে সমর্থকদের সমবেত কণ্ঠ শোনা তিনি খুব মিস করবেন বলেও জানান।
ক্যারিয়ারের এই দীর্ঘ যাত্রায় পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদেরও ধন্যবাদ জানিয়েছেন মেসি। তিনি বলেন, কঠিন এই সফরে যারা তার পাশে ছিলেন, তাদের সবার কাছ থেকে পাওয়া সুন্দর স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়েই তিনি বিদায় নিচ্ছেন।
মেসি আরও বলেন, সতীর্থদের সঙ্গে মিলে আর্জেন্টাইন সমর্থকদের স্বপ্নের মুহূর্তগুলো উপহার দিতে পেরেছেন—এটাই তার সবচেয়ে বড় শান্তি ও গর্ব।
শেষে আবেগঘন বার্তায় মেসি লেখেন, ‘আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর্জেন্টিনা এগিয়ে চলো।
ম্যাংগোটিভি /আরএইচ
