ফেসবুকে পোস্ট, ছবি, ভিডিও ও রিলস কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, তা পরিমাপের বহুল ব্যবহৃত মেট্রিক ‘রিচ’ বন্ধ করতে যাচ্ছে মেটা। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে ‘ভিউয়ারস’ নামে নতুন মেট্রিক চালু হবে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে।
এত দিন কোনো পোস্ট বা কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ করতে ‘রিচ’ ব্যবহার করা হতো। নতুন ব্যবস্থায় ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে কনটেন্ট দেখা অনন্য বা ইউনিক অ্যাকাউন্টের সংখ্যা তুলে ধরা হবে।
এই পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম ও ডিজিটাল বিপণনকর্মীদের কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। নতুন মেট্রিকের মাধ্যমে পোস্ট, ছবি, ভিডিও ও রিলসের দর্শকসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতের কনটেন্ট পরিকল্পনা ও প্রচারকৌশল নির্ধারণ করতে পারবেন তাঁরা।
তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। এতে কনটেন্টের দীর্ঘমেয়াদি কার্যকারিতা মূল্যায়ন এবং আগের বিপণন কৌশলের ফলাফল বিশ্লেষণে নতুন করে হিসাব মেলানোর প্রয়োজন হতে পারে।
এ পরিস্থিতিতে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো পরিসংখ্যান ও প্রতিবেদন সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি সম্পর্কে আগেভাগে ধারণা নিলে পরিবর্তনের পরও কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ ও ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।
এ পরিবর্তনের অর্থ হলো, ফেসবুকে ‘রিচ’ বন্ধ হয়ে গেলেও পোস্ট, ছবি, ভিডিও বা রিলস প্রকাশে কোনো প্রভাব পড়বে না। মূলত কনটেন্টের দর্শকসংক্রান্ত তথ্য পরিমাপ ও দেখানোর পদ্ধতিতে পরিবর্তন আসবে। এতে পেজ পরিচালকেরা তাঁদের কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্ট দেখেছে, তা নতুন মেট্রিকের মাধ্যমে বুঝতে পারবেন। তবে পুরোনো ‘রিচ’ ও নতুন ‘ভিউয়ারস’-এর পরিসংখ্যানের মধ্যে পার্থক্য থাকতে পারে। তাই কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণের ক্ষেত্রে নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ।
ম্যাংগোটিভি / আরএইচ


