Tuesday, October 20


আর্থিক ও সদস্য অডিট সম্পন্ন করে দ্রুত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বেসিস সংস্কার পরিষদ।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠিত পরিষদের নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক রোকমুনুর জামান রনি। সঞ্চালনা করেন সদস্যসচিব নাদিম ভুঁইয়া হৃদয়।
সভায় বেসিস ও দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় খাতটির সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক নীতি নির্ধারণ এবং ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ভিত্তিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শুরুর আগে বেসিস সংস্কার পরিষদের অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মোহাম্মাদ তাপিত হাসান চৌধুরী।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ফৌজিয়া নিগার সুলতানা ও মো. রওশান কামাল জেমস।

এ ছাড়া উপদেষ্টা প্রকৌশলী মিজানুর রহমান ‘রান টুগেদার, গ্রো টুগেদার’ শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন।

উপস্থাপনা শেষে উপস্থিত সদস্যরা এ বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ দেন।সভায় আরও বক্তব্য দেন উপদেষ্টা বেলাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফেরদোস আলম ইপন ও আবু তাহের, যুগ্ম সদস্যসচিব রাশেদুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য খো. শামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন ও আলাউদ্দিন।

সভাপতির বক্তব্যে রোকমুনুর জামান রনি আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংগঠনিক কার্যক্রম সমৃদ্ধ করা এবং সদস্যদের সুবিধা নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ম্যাংগোটিভি/১৮ অক্টোবর

Share.
Exit mobile version