Wednesday, October 21

সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হারের পর এবার ধীরগতির বোলিংয়ের কারণে জরিমানা গুনতে হচ্ছে দলটিকে। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আবুধাবিতে শনিবার সিরিজের উদ্বোধনী ম্যাচে এই অপরাধ করে বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল দলটি। এ কারণে বাংলাদেশের ওপর জরিমানা আরোপের সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিং করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় অপরাধ স্বীকার করে আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ২৭১ রান সংগ্রহ করে। জবাবে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায়। ফলে ৯৯ রানের হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version