বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। তিনি বলেন, চিকিৎসকদের ধারণা অনুযায়ী বৃহস্পতিবার মেঘমল্লারের জ্ঞান ফিরতে পারে।
মাঈন আহমেদ বলেন, মেঘমল্লারের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। অচেতন অবস্থায় ফুসফুসে কফ জমে যাওয়ায় তিনি কাশতে পারছিলেন না। এ কারণে শারীরিক জটিলতা আরও বেড়ে যায়। তাঁর রোগ প্রতিরোধক্ষমতাও আগে থেকেই দুর্বল ছিল। এসব কারণে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, কফ পরিষ্কার করার পর মেঘমল্লারকে প্রথমে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছিল। পরে শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে আবার আইসিইউতে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। পরে পরিচিতজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বিষক্রিয়ার আশঙ্কায় তাঁর পাকস্থলী পরিষ্কার করেন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে নিবিড় পরিচর্যায় রাখা হয়।
ম্যাংগোটিভি / আরএইচ

