Monday, August 10

প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারেক রহমান বলেন, স্যার মার্ক টালির প্রয়াণের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সম্মানিত সাংবাদিক এবং বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু। বিবিসির হয়ে কাজ করার মাধ্যমে মার্ক টালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এ দেশের মানুষের সংগ্রাম, আশা ও ঘুরে দাঁড়ানোর গল্প সারা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন।

তিনি আরও বলেন, মার্ক টালির সাংবাদিকতা ছিল সৎ, মানবিক এবং সত্যের প্রতি গভীর শ্রদ্ধায় ভরপুর। বাংলাদেশের গঠনলগ্ন ও বিভিন্ন সংকটময় সময়ে তার সংহতি ও সাহসী সাংবাদিকতা জাতি চিরদিন স্মরণ করবে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতি তার এই অবদানের জন্য জাতি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

শোকবার্তায় তিনি স্যার মার্ক টালির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও বিবিসিতে তার দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version