Monday, November 2

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দামের প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে রাজধানীর বিভিন্ন এলাকায় সিলিন্ডারটি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। গত সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। একই সঙ্গে বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের এলপিজি বাজারে অস্থিরতা দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এতে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত দামের এলপিজি সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে থাকে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version