পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর তাঁর বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বক্তব্যটির পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। আইজিপির মূল বক্তব্য থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত পাওয়া অসম্ভব নয় বলে অনেকে ব্যাখ্যা করেছেন। তবে পরবর্তী ব্যাখ্যায় জানানো হয়েছে, তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাতে চাননি।
সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের বিষয়েও পুলিশ সদর দপ্তর ব্যাখ্যা দিয়েছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ওই বক্তব্যে সাংবাদিকদের সম্পর্কে ঢালাও অভিযোগের বিষয় ছিল। সেটিও স্পষ্ট করা হয়েছে।
তিনি বলেন, দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির বক্তব্য ভুলভাবে মানুষের কাছে পৌঁছালে তা ব্যাখ্যা করা প্রয়োজন। আইজিপি ব্যাখ্যা দিয়েছেন এবং এর মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।
আইজিপি আগের বক্তব্যে অনড় থাকেননি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার পর তাঁর অবস্থান স্পষ্ট করা হয়েছে। বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।
তবে শুধু ব্যাখ্যা দেওয়াই যথেষ্ট কি না এবং আইজিপির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। তথ্য উপদেষ্টা বলেন, আইজিপির বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বিদেশ সফর শেষে তিনি বিষয়টি বিবেচনা করবেন।
ম্যাংগোটিভি / আরএইচ


