পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে যাতায়াত করতে পারবেন পর্যটকরা। তবে পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটকের যাতায়াতের সীমা নির্ধারণ করেছে সরকার।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সেন্টমার্টিনে পর্যটক পরিবহনে অনুমোদিত জাহাজ চলাচল অব্যাহত থাকবে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান দ্বীপটিতে চলাচলের অনুমতি দিতে পারবে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর।
এ ছাড়া সেন্টমার্টিনে যাওয়া প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এ ফি আদায় ও সংশ্লিষ্ট পরিবেশগত ব্যবস্থাপনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পরিবেশ অধিদপ্তর।
গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সেন্টমার্টিনে পর্যটক চলাচলের ক্ষেত্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা আগের নির্দেশনার অন্যান্য বিধানও বহাল থাকবে।
ম্যাংগোটিভি /আরএইচ

