পুঁজিবাজারে বিভিন্ন ধরনের কারসাজি, অনিয়ম ও দুর্নীতির তদন্তে বস্তুনিষ্ঠতার ওপর আরও বেশি গুরুত্ব দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্ত প্রতিবেদনে তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় প্রমাণের ঘাটতি থাকায় অসন্তোষ প্রকাশ করেছে সংস্থাটি।
রোববার (২৫ অক্টোবর) ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।
বৈঠকে বিএসইসির কমিশনার নাফিজ তারিক, নির্বাহী পরিচালক শেখ মাহবুবুর রহমান, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমন উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে বিএসইসির চেয়ারম্যান পুঁজিবাজারের তদারকি ও তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাজারে যেকোনো অনিয়ম ও কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে বিএসইসি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিএসইর তদন্ত প্রতিবেদনে পর্যাপ্ত তথ্য-উপাত্ত ও প্রমাণ থাকে না। ফলে এসব প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
তদন্তের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার ওপর আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন মাসুদ খান। একই সঙ্গে তদন্ত যেন কেবল আনুষ্ঠানিকতার জন্য না হয় এবং কোনো তদন্ত যেন উদ্দেশ্যপ্রণোদিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া গণহারে লেনদেনের তথ্য ও বিনিয়োগকারীদের তথ্য চাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিএসইসি চেয়ারম্যান। প্রয়োজনের ভিত্তিতে তথ্য চাওয়া হলেও তা যেন পুঁজিবাজারে অযথা আতঙ্ক সৃষ্টি না করে, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি।
ম্যাংগোটিভি / আরএইচ


