ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, এ বছর ঢাকা মহানগরীতে মোট ২৫৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে বিভক্ত করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রতিটি মণ্ডপে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মণ্ডপ ও আশপাশের এলাকায় সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে। নিয়মিত ডিউটির অতিরিক্ত হিসেবে ২০৭২ জন পুলিশ সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, বিজয়া দশমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ওয়াইজঘাট পর্যন্ত প্রতিমা বিসর্জন শোভাযাত্রায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়ানো প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে জানিয়ে কমিশনার যেকোনো সন্দেহজনক ঘটনায় দ্রুত ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানান। একই সঙ্গে পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও ভক্তদের নিরাপত্তাবিধি মেনে চলায় সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ ওসমান গণিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ম্যাংগোটিভি / আরএইচ


