Monday, October 12

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ‘গেস্ট অব অনার’ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে সমাবর্তনে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ‘গেস্ট অব অনার’ হিসেবে অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষা ও গবেষণার মান বাড়ানোর আহ্বান

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক জোরদারে নেওয়া উদ্যোগ এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও প্রধান কেন্দ্রবিন্দু। শিক্ষা ও গবেষণার মান আরও বাড়িয়ে বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যেতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার তাগিদ দেন রাষ্ট্রপতি।

উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাবর্তনের প্রস্তুতি নিয়ে গত রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় সমাবর্তন আয়োজনের জন্য একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

সমাবর্তনে অংশগ্রহণের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এতে অংশ নিতে পারবেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version