Saturday, October 10

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম।

শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোসাটমের কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অ্যালেক্সি লিখাচেভ জানান, রূপপুরের প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ চুল্লি থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

তিনি আরও জানান, আগামী বছর থেকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরু হবে। বিদ্যুৎ উৎপাদনের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চুল্লি চালুর প্রাথমিক কার্যক্রম এর অন্তর্ভুক্ত।

রূপপুর প্রকল্প বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রোসাটমের মহাপরিচালক।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রূপপুর প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের পারমাণবিক শক্তি খাত সম্প্রসারণ এবং এ খাতে বাংলাদেশ ও রাশিয়ার সহযোগিতা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version