Wednesday, October 7

বর্তমান সরকারের সময়ে প্রথম শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, এবারের দুর্গাপূজা উৎসব আমাদের জন্য অগ্নিপরীক্ষা।

মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মহালয়াসহ দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মণ্ডপের ইনচার্জরা বডিওর্ন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, দুর্গাপূজা চলাকালে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

ঢাকা মহানগরের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে ডিএমপি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজেদের মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরও সচেষ্ট থাকতে হবে। পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজর রাখার পাশাপাশি জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে এবং নির্বিঘ্নে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পূজা উদযাপন কমিটির নেতারা আসন্ন দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ঢাকা মহানগর পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version