দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৮৪ জন খুলনা বিভাগের। এ ছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৪১ জন, চট্টগ্রাম বিভাগের ২০২ জন, বরিশাল বিভাগের ১৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫১ জন, রাজশাহী বিভাগের ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন, ময়মনসিংহ বিভাগের ৮০ জন, রংপুর বিভাগের ৫৪ জন এবং সিলেট বিভাগের ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে ১৩৯ জনের।
এদিকে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪৪ হাজার ৮৫৭ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
ম্যাংগোটিভি / আরএইচ
