‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’-তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে।
একই সঙ্গে বিআরটিএর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এসব বদলি ও দায়িত্ব পুনর্বিন্যাসের কথা জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে পরিদর্শনের সময় কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্য করেছিলেন তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাসুদ আলমকে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
এবার প্রশাসনিক বদলির খবর প্রকাশের পর পুরোনো সেই মন্তব্যটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনায় এসেছে।
ম্যাংগোটিভি /আরএইচ

