২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। হিসাব অনুযায়ী, আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় চূড়ান্ত তারিখে পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন আগে আসে। সেই হিসাবে ২০২৭ সালের রমজানও চলতি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাত থেকেই প্রথম তারাবির নামাজ শুরু হবে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে মুসলমানরা প্রথম রোজা রাখতে পারেন।
রমজান সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাসের শেষও নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা গেলে শুরু হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে।
তবে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে রমজানের সম্ভাব্য তারিখ আগেই নির্ধারণ করা গেলেও এর আনুষ্ঠানিক সূচনা ইসলামী রীতি অনুযায়ী চাঁদ দেখার সিদ্ধান্তের ওপরই নির্ভরশীল। তাই ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ দেবে।
ম্যাংগোটিভি /আরএইচ


