Wednesday, October 28

রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবে গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী ও পুলিশের ছয় প্লাটুন সদস্য অভিযানে অংশ নেন।

অভিযানে পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি উচ্ছেদ করা দোকানের মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সরাসরি উপস্থিত থেকে অভিযান পরিদর্শন করেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখা হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। হকাররা কেবল নির্ধারিত স্থানেই বসতে পারবেন।

তিনি আরও বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো রাস্তা পরিষ্কার রাখা হবে। মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

হকারদের সতর্ক করার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখতে বিভিন্ন মাধ্যমে সতর্ক করার পাশাপাশি হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও অনেকে আবার সেখানে বসছেন। এ কারণে এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম অমান্য করে ফুটপাত বা রাস্তায় বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেফতার করা হবে। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার এ অভিযান চলমান থাকবে।

অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।

পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version