Friday, September 11

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি বেড়েছে এবং কাজের গতি বাড়াতেই হুমায়ুন কবীরকে প্রতিমন্ত্রী করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাজ হয়েছে। এ সময়ে মন্ত্রণালয়ে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে।

তিনি বলেন, অভিবাসন ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কাজ করা হচ্ছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যা আগে ছিল না।

দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তাই কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী টিমওয়ার্কের ভিত্তিতে দুই প্রতিমন্ত্রী কাজ করবেন।

এদিকে মক্কা প্যাক্ট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য বিষয় হবে।

তিনি বলেন, বাংলাদেশ কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হবে কি না, সে সিদ্ধান্ত সরকার নিজেই নেবে। এ ধরনের কোনো সিদ্ধান্ত হলে দেশের গণমাধ্যমই সবার আগে তা জানতে পারবে। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে বাংলাদেশের সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version