Wednesday, September 9

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংশোধিত বিধান অনুযায়ীই ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ৩৫ বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে সরকারি ও বিরোধী—উভয় পক্ষের প্রার্থী রয়েছেন।

তিনি বলেন, মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াই উচিত। আশা করি, দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে-বিরোধী দলের এমন অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনসংক্রান্ত যে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, তাতে বিরোধী দলের সদস্যরা এখনো যোগ দেননি।

তিনি বলেন, ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আনা হবে, সেখানে ৭০ অনুচ্ছেদেও পরিবর্তন আসবে। এ বিষয়ে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এই বিধান নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version