Sunday, August 16

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠানো পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ তৈরি হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় সফর ঘিরে কাঙ্ক্ষিত পরিবেশ নষ্ট হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এ বিষয়ে ভারতের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।

শহীদুল করিম আরও বলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ঢাকা। এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ।

এ ক্ষেত্রে ‘বাংলাদেশ প্রথম’ নীতি অব্যাহত রাখার কথাও জানিয়েছে সরকার।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version