পাটুরিয়া থেকে কাজীরহাট এবং দৌলতদিয়ার সঙ্গে সংযোগ স্থাপনে প্রস্তাবিত ওয়াই-টাইপ সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানের পর অনুষ্ঠিত উন্নয়ন সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।
মন্ত্রী বলেন, পাটুরিয়া থেকে একটি সংযোগ কাজীরহাটের দিকে এবং আরেকটি দৌলতদিয়ার দিকে যাবে-এমন ওয়াই-টাইপ সেতুর সম্ভাব্যতা যাচাই করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়ে আফরোজা খান রিতা বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।
এ সময় চলমান উন্নয়নকাজ দ্রুত শেষ করার ওপরও গুরুত্ব দেন তিনি। যেসব ঠিকাদার কাজ নিয়ে দীর্ঘদিন ফেলে রেখেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। প্রয়োজনে কাজ না করা ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার কথাও বলেন তিনি।
মন্ত্রী বলেন, ঠিকাদাররা কাজ অর্ধেক করে ফেলে রাখায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। তাই জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে কাজ তদারক করতে হবে।
মানিকগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়ন বরাদ্দের তথ্য তুলে ধরে আফরোজা খান রিতা বলেন, মানিকগঞ্জ সদরে গত পাঁচ মাসে প্রায় ১০০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। সদর উপজেলায় চারটি সেতু নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে মানিকগঞ্জ জেলায় রাস্তা ও সেতু নির্মাণে প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জেলায় দুটি উপশহর নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
তিনি বলেন, এসব উন্নয়নকাজ বাস্তবায়ন হলে মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। সরকারের দেওয়া বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে ফেরত গেলে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না।
কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আগামীতে আবার মানিকগঞ্জে এসে আজ দেওয়া নির্দেশগুলোর অগ্রগতি পর্যালোচনা করবেন। কাজের অগ্রগতি সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন মন্ত্রী এবং জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যাংগোটিভি / আরএইচ

