Wednesday, August 12

বরিশালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের ১০ তলা ভবনের প্রধান ফটকের ভেতরের অংশে এ বিস্ফোরণ ঘটে। এতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে আদালত প্রাঙ্গণ কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে অনেকে ছোটাছুটি শুরু করেন।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ কমিশনারসহ পুলিশের কর্মকর্তারা দ্রুত আদালত প্রাঙ্গণে আসেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত ও বোমার নমুনা সংগ্রহ করেছেন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

বিস্ফোরণের ধরন, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না এবং কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয়ে তদন্ত চলছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version