ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন। বৈঠক শেষে তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনার মাধ্যমে সব ইস্যু সমাধান করা সম্ভব।
সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘খুব ভালো আলোচনা হয়েছে। আমার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে।’
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার খুব ভালো লেগেছে। প্রথমবার দেখা হলেও তার কাছে এমন মনে হয়নি যে এর আগে তাদের দেখা হয়নি। প্রধানমন্ত্রীকে তিনি ‘খুব ভালো’ ও ‘হাম্বল’ বলেও মন্তব্য করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আমন্ত্রণের কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের নেতা একসঙ্গে বসে আলোচনা করলে বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে। তার মতে, গণতন্ত্রে ইস্যু থাকবেই, তবে আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও দুই দেশের মানুষের মূল আকাঙ্ক্ষা ভালো সম্পর্ক। এ সম্পর্ক দুই দেশের জন্যই ‘উইন-উইন সিচুয়েশন’। ঐতিহাসিক সম্পর্ক ও ভৌগোলিক প্রতিবেশী হিসেবে দুই দেশের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়।
দীনেশ ত্রিবেদীর ভাষায়, ‘আমরা শুধু সীমান্ত ভাগ করি না, স্বপ্নও ভাগ করি।’
আগামী দিনগুলোতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দুই পক্ষকেই বিভিন্ন ইস্যু সমাধানে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে তিনি ‘খুবই আত্মবিশ্বাসী’ বলেও জানান।
ভারতের হাইকমিশনার আরও বলেন, এমন কোনো ইস্যু নেই যা দুই দেশ বসে সমাধান করতে পারবে না। বাংলাদেশে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকেও সম্পর্ক ভালো রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
এ সময় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘হবে হবে, সবই ভালো, ইতিবাচক সবকিছুই হবে।’
ম্যাংগোটিভি / আরএইচ


