চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করেনি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
ফলাফলে দেখা গেছে, ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানেই শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, যা শূন্য পাসের প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি।
এদিকে ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে ফলাফল জানার আগ্রহ দেখা দিয়েছে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারছে।
ম্যাংগোটিভি / আরএইচ
