পরিচালক নিতেশ তিওয়ারির ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ।
সম্প্রতি সিনেমাটির নির্মাতাদের প্রকাশ করা নতুন একটি ভিডিওতে সীতার চরিত্রে সাই পল্লবীকে দেখা গেছে এক সাহসী যোদ্ধার রূপে। ভিডিওতে তাকে দানবদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। পাশাপাশি রাম ও রাবণের চরিত্রে রণবীর কাপুর এবং যশের ঝলকও রয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, বড় পরিসরের এই সিনেমা নির্মাণে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ১০ হাজার মানুষ যুক্ত রয়েছেন।
ইউটিউবে ভিডিওটি প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, ‘এক মহাকাব্যিক আয়োজন। বড় পর্দায় রামায়ণকে তুলে ধরার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছেন নমিত মালহোত্রা, নিতেশ তিওয়ারি এবং রণবীর কাপুর।’
সিনেমাটির গল্প প্রসঙ্গে পরিচালক নিতেশ তিওয়ারি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। এতে বাবা-ছেলের সম্পর্ক, প্রতিকূলতা জয় করার কাহিনি এবং সাহসী প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।
সিনেমাটির সংগীত পরিচালনা করছেন হলিউডের বিখ্যাত সুরকার হ্যান্স জিমার ও এ আর রহমান। আগামী ৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ম্যাংগোটিভি / আরএইচ


