নারীর সঙ্গে কথা বলার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করল দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি আব্বাস উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনজনিত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে দলীয় সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মাওলানা আব্বাস উদ্দিন দলীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে তাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি নজরে এলে গত রোববার আব্বাস উদ্দিনের পদ স্থগিত করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। এতে জেলা দক্ষিণ শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনকে প্রধান করা হয়েছিল। তদন্ত শেষে অভিযোগের সত্যতা মিললে তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এ বিষয়ে বহিষ্কৃত নেতা মাওলানা আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভিডিও কলে থাকা নারীটি তার স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের।
তিনি জানান, যে মুঠোফোনে ভিডিওটি সংরক্ষিত ছিল, সেটি কিছুদিন আগে চুরি হয়ে যায়।
তার অভিযোগ, একটি বিশেষ মহল রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে।
তবে, এই অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
ম্যাংগোটিভি / আরএইচ


