বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) কৌশিক আহমেদ খোন্দকার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।
আদালতের রায়ে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের কাছ থেকে আদায় করা জরিমানার মোট অর্থের ৫০ শতাংশ হত্যাকাণ্ডের শিকার রাগিবুল হাসান হৃদয়ের সন্তানের কাছে হস্তান্তর করতে হবে। বাকি ৫০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া শহরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকানের ভেতর ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হৃদয়ের বাবা মামুনুর রশিদকেও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত হৃদয়কে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত সোমবার এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি এস এম মাসুদুর রহমান স্বপন বলেন, নৃশংস এ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
রায়ে তাৎক্ষণিক সন্তোষ প্রকাশ করেছে বাদী পক্ষ। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে তারা।
ম্যাংগোটিভি / আরএইচ

