বগুড়ার নন্দীগ্রামে র্যাবের অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।
গ্রেপ্তার রবিউল ইসলাম (৩৬) নন্দীগ্রাম উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে রাত ৮টা ৫০ মিনিটের দিকে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ-মুরাদপুর সড়কে একটি চেকপোস্ট বসানো হয়।
রাত ৯টার দিকে নম্বরবিহীন একটি যাত্রীবাহী সিএনজি চেকপোস্টের কাছে এলে সেটি থামানো হয়। এ সময় সিএনজিতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে তাঁর পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা রয়েছে বলে তিনি স্বীকার করেন বলে র্যাবের দাবি। পরে তাঁর কাছ থেকে ছয়টি নীল রঙের জিপার ব্যাগে রাখা কমলা রঙের ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নন্দীগ্রাম থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতেই তাঁকে জব্দ করা আলামতসহ থানায় হস্তান্তর করে র্যাব। বুধবার (২৬ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

