রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি ও বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী।
অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির ম্যানেজার ওলিউর রহমান (৫৮) সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং ম্যানেজারকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ম্যাংগোটিভি /আরএইচ


