Monday, November 2

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের বিশেষ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে দেশের আরও ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) থেকে এসব জেলার সব উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের আবেদন নেওয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে প্রথম পর্যায়ে আট জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী, ২৮ বছরের কম বয়সী তরুণ উদ্যোক্তারা এ অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। অর্থাৎ ঋণ ও অনুদান মিলিয়ে একজন উদ্যোক্তার জন্য সর্বোচ্চ সহায়তার পরিমাণ ২০ লাখ টাকা। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গেই দেওয়া হবে।

কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। এসব আবেদন বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রথম পর্যায়ে আবেদন গ্রহণ করা আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার আবেদন গ্রহণের পর এবার দেশের বাকি ৫৬ জেলায় কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
https://www.bb.org.bd/mediaroom/circulars/smespd/sep132026smespd05e.pdf?fbclid=IwY2xjawVUOepleHRuA2FlbQIxMABwZG9mBWJyaWQRMVdZeExkN2hWR05LazRUT1dzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEfo8A-SBouYHOm1E97TuX8pfAZiTBaR-LOleYTGGaUMABds0RCTKNNrb4-P_8_aem_3SC02d1oP-AuvgmMn0lfYg

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version