ছুটি শুরুর আগে সুখবর দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। সাভারের ট্যানারি পল্লীর ক্রোমিয়ামযুক্ত বর্জ্য প্রক্রিয়াজাত করে কাজে লাগানোর জন্য ধামরাইয়ের কাছে একটি চীনা প্রতিষ্ঠান পূর্ণোদ্যমে উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘নিরাপদ খাদ্যের পথে মুরগী এবং ডিম। বিশ্বাস হচ্ছে না! আজ সেই সুখবরটাই দেব। সাভার ট্যানারি পল্লীর বর্জ্য আগে জমা হত পল্লীর খোলা মাঠে। হাজার হাজার মেট্রিক টন বর্জ্য চলে যেত সারা দেশে মুরগির নিম্নমানের ফিড তৈরির কাজে। সেখান থেকে মুরগি ও ডিম কন্টামিনেটেড হত হেভি মেটাল দ্বারা।’
তিনি লেখেন, ‘সেই ২০১৬ সাথে সাভার ট্যানারি পল্লীতে ট্যানারি বর্জ্যকে বাই-প্রোডাক্ট বা কাঁচামাল হিসেবে প্রোটিন বাইন্ডার এবং জিলাটিন বানিয়ে রপ্তানিমুখি শিল্প স্থাপনের চেষ্টা করে যাচ্ছিল কয়েকটি বিদেশি কোম্পানি। নানান সমস্যা ও জটিলতায় সেগুলো আর হয়নি।’
‘এর মধ্যে চাইনিজ এক কোম্পানি ধামরাইয়ের কাছে শতভাগ রপ্তানিমুখি শিল্প স্থাপন করে পূর্ণোদ্দমে প্রোডাকশন শুরু করেছে।
তারা নিজেরাই নিজেদের ট্রাকে করে সব ক্রোমিয়াম যুক্ত বর্জ্য কারখানায় নিয়ে যাচ্ছে। সাভার ট্যানারি পল্লীর সারা বছরের সব বর্জ্য বাই-প্রোডাক্ট হিসেবে ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে সেই শিল্প প্রতিষ্ঠান। আর ড্রাই পার্ট বা ক্রোমিয়াম মুক্ত বর্জ্য বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহারের জন্য তিনটি প্রতিষ্ঠান আবেদন করেছে। আলহামদুলিল্লাহ।’
মাহবুব কবির লেখেন, ‘মুরগী, ডিম এবং মাছে হেভিমেটাল কন্টামিনেশনের একটা বড় পথ বন্ধ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এবার বাকি থাকবে মুরগী ও মাছের ফিডের অন্যান্য উপকরণকে হেভি মেটাল মুক্ত করা। ফিড ঠিক মানে সব ঠিক। মুরগী ও মাছের ফিড তৈরির সব উপকরণ, দেশি-বিদেশি যাই হোক, সব ল্যাব টেস্ট করে হেভি মেটাল মুক্ত কিনা তা অবশ্যই যাচাই করে দেখা দরকার।’
‘যেমন ভুট্টা, রাইসব্র্যান ইত্যাদি। এসব উপকরণে হেভিমেটাল আসছে প্রধানত নিম্নমানের আমদানকৃত হেভি। মেটাল যুক্ত কীটনাশক থেকে। কীটনাশকে পিওর করতে পারলেই এই অভিশাপও চলে যাবে। আর কীটনাশক পিওর হলে শুধু মুরগী, ডিম, মাছ নয়। দেশের পুরো ফুড চেইনের ৮০% খাদ্য নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ।’
তিনি লেখেন, ‘কীটনাশক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কাজ চলছে জোরেসোরে। মাননীয় কৃষি মন্ত্রী মহোদয় সংকল্পবদ্ধ। ইনশাআল্লাহ সেটাও হবে। যেহেতু সেটাতে আমি যুক্ত আছি, কাজেই বিন্দু পরিমাণ ছাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। দোয়া সবার। বড় ছুটি শুরুর আগে সামান্য খুশির সংবাদ দিলাম।’
ম্যাংগোটিভি / আরএইচ


