Saturday, October 10

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে রদবদল ও পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সিদ্ধান্তে কয়েকজন কর্মকর্তার দায়িত্ব কমেছে, আবার কয়েকজন পেয়েছেন নতুন ডিভিশনের দায়িত্ব।

সম্প্রতি বিএসইসির প্রশাসন ও অর্থ ডিভিশন থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের কাছ থেকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। এতদিন তিনি এ ডিভিশনের পাশাপাশি মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্বেও ছিলেন। নতুন আদেশে তাকে শুধু মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্বে রাখা হয়েছে।

অন্যদিকে নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছ থেকেও করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এখন শুধু গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ডিভিশনের দায়িত্ব পালন করবেন।

এদিকে নির্বাহী পরিচালক মো. আবুল কালামের দায়িত্ব বেড়েছে। আগে তিনি ডেরিভেটিভস ডিভিশন ও বিএসইসির মুখপাত্রের দায়িত্বে ছিলেন। নতুন আদেশে তাকে করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্বও দেওয়া হয়েছে। ফলে এখন তিনি তিনটি দায়িত্ব পালন করবেন।

নতুন করে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব পেয়েছেন নির্বাহী পরিচালক শেখ মাহবুব উর রহমান। গত বুধবার নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান তিনি। এর আগে ১৫ বছরের বেশি সময় ধরে বিএসইসিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন ও গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের (জিপিএমএস) দায়িত্বে থাকছেন। নির্বাহী পরিচালক (লিগ্যাল সার্ভিস) মো. মাহবুবুর রহমান চৌধুরী আইন ডিভিশনের দায়িত্বে বহাল রয়েছেন।

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল এনাম খান আগের মতো চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন ডিভিশনের দায়িত্ব পালন করবেন। রিপন কুমার দেবনাথ এনফোর্সমেন্ট ডিভিশন এবং মীর মোশাররফ হোসেন চৌধুরী ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্বে থাকছেন।

অন্যদিকে নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন, রাজীব আহমেদ আইসিটি ডিভিশন এবং মো. মনসুর রহমান প্রশাসন ও অর্থ ডিভিশনের দায়িত্ব পালন করবেন।

বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। বর্তমানে সব পদেই কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর আগে এক বছরের বেশি সময় ধরে কমিশনের শীর্ষ পর্যায়ের কয়েকটি পদ শূন্য ছিল।

নতুন দায়িত্ব বণ্টনের ফলে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স, করপোরেট ফাইন্যান্স, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন এবং গবেষণা ও উন্নয়ন ডিভিশনে দায়িত্বের পুনর্বিন্যাস হয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version