শরীয়াহসম্মত আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
৩১ বছর পূর্তি উপলক্ষে ২৭ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী ২২৬টি শাখা ও ৮৯টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পরিচালকবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) ও পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ১৯৯৫ সালে ‘সর্বদাই শরীয়াহ’ মূল্যবোধকে ভিত্তি করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ পথচলায় গ্রাহকদের বিশ্বাস, সহযোগিতা ও ভালোবাসাই ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। শরীয়াহকে সঙ্গে নিয়ে ব্যাংকটিকে আরও শক্তিশালী ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান বলেন, ‘৩১ বছর শরীয়াহ্’র সাথে, বিশ্বাসের শীর্ষে’—এই ট্যাগলাইনের মধ্যেই ব্যাংকের দীর্ঘ পথচলা, গ্রাহকের আস্থা ও ভালোবাসার প্রতিফলন রয়েছে। করপোরেট গভর্ন্যান্স, গুড গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহি আরও শক্তিশালী করার পাশাপাশি ডিজিটাল রূপান্তর ও প্রক্রিয়া উন্নয়নের মাধ্যমে সেবা আরও সহজ ও কার্যকর করার কথা জানান তিনি।
ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, বোর্ড সদস্য, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক, অংশীজন ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৩১ বছর পূর্ণ করেছে। গ্রাহকের পরিবর্তিত প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও উদ্ভাবনী সেবা, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং এবং রেমিট্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে সেবার পরিধি বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, ৩১ বছরের অভিজ্ঞতা ও অর্জন কাজে লাগিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে বাংলাদেশের একটি শক্তিশালী ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪২ লাখ গ্রাহকের প্রায় ৫৪ হাজার ৫০০ কোটি টাকার আমানত রয়েছে। দেশজুড়ে ব্যাংকটির ২২৬টি শাখা, ৮৯টি উপশাখা, ৭৩৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ২৫৪টি এটিএম ও সিআরএম রয়েছে।
এ ছাড়া এআইবি আই-ব্যাংকিং ও ইসলামিক ওয়ালেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও নিরাপদ লেনদেনের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার, পরিচালক পর্ষদ, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়িক অংশীদার, গণমাধ্যম এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
ম্যাংগোটিভি / আরএইচ


