ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইসিসির প্রধান কার্যালয় প্যারিসে। বিশ্বের ১৭০টিরও বেশি দেশে সংস্থাটির কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ৫০ লাখ প্রতিষ্ঠান এবং ১০০ কোটিরও বেশি কর্মজীবী মানুষের প্রতিনিধিত্ব করে।
মাহবুবুর রহমান বর্তমানে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ভাইস চেয়ারম্যান এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ছিলেন। এছাড়া সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আইসিসি বাংলাদেশের বোর্ড সর্বসম্মতিক্রমে দুজন ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত করেছে। তারা হলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।
আইসিসি বাংলাদেশের ১৯ সদস্যের নির্বাহী বোর্ডে আরও রয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
এ ছাড়া বোর্ড সদস্য হিসেবে রয়েছেন এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, এভিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), আইওই (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, মীর আখতার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার, স্কয়ার টেক্সটাইলস পিএলসির চেয়ারম্যান তপন চৌধুরী এবং ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান।
ম্যাংগোটিভি / আরএইচ


