Tuesday, September 29

ডলার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিলামের মাধ্যমে আরও ২০ কোটি ২০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে এ পরিমাণ ডলার কেনা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রতিযোগিতা ধরে রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত মোট ২৫১ কোটি ৪০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

আজকের নিলামে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটি মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ডলার কেনে। যেখানে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা।

এর আগে বিভিন্ন সময়ে দফায় দফায় ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গত ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল। গত ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার কেনা হয়েছিল।

এছাড়া গত ৭ আগস্ট ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে চার কোটি ৫০ লাখ ডলার, ১০ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ৮ কোটি ৩০ লাখ ডলার, ১৪ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ৬৫ লাখ ডলার, ২৮ আগস্ট ১২১ টাকা ৬৬ পয়সা থেকে ১২১ টাকা ৭০ পয়সা দরে ১৪ কোটি ৯৫ লাখ ডলার, ২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে চার কোটি ৭৫ লাখ ডলার, ৪ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১৩ কোটি ৪০ লাখ ডলার, ৯ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ২৬ কোটি ৫০ লাখ ডলার, ১৫ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ৩৫ কোটি ৩০ লাখ ডলার, ২২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১২ কোটি ৯০ লাখ ডলার, ৬ অক্টোবর ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা দরে ১০ কোটি ৪০ লাখ ডলার, ৯ অক্টোবর ১২১ টাকা ৮০ পয়সা দরে ১০ কোটি ৭০ লাখ ডলার ও ২৪ অক্টোবর ১২২ টাকা ২৯ পয়সা দরে তিন কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছিল।

Share.
Exit mobile version