Tuesday, August 11

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসের সামনে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ের একটি ফটোকপি দোকানে গেলে দোকানি তাকে উত্ত্যক্ত করেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দোকানিটিকে মারধর করেন। এতে স্থানীয় দোকানিরা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের ওপর চড়ে বসেন। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলে স্থানীয়রা সড়কে টায়ার ও বেঞ্চ পুড়িয়ে প্রতিবাদ করেন। এতে যশোর-চৌগাছা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ি, কোতোয়ালি থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে শুনেছি। গুরুতর কেউ আছে কি না এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নিতে হয়েছে। তিনি জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আহতের সঠিক সংখ্যা পরে জানানো হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version