কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় বখাটেদের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও সন্দেহজনক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ির আওতাধীন এলাকায় একযোগে অভিযান চালায় পুলিশ। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের আগের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ম্যাংগোটিভি / আরএইচ
