বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরের জজ কোর্ট চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুস।
গ্রেপ্তার ব্যক্তি হলেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের মো. রফিকুল ইসলাম (৪৭)। তিনি ছলিম উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, রফিকুল ইসলামের হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা। এসব জাল নোট জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগে জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

