মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মন্ত্রণালয়। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মীদের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় থাকা মেডিকেল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা মেনে চলা ও সক্ষমতার ভিত্তিতে কিছু মেডিকেল সেন্টার তালিকা থেকে বাদ পড়তে পারে। আবার নতুন মেডিকেল সেন্টারও তালিকায় যুক্ত হতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। এসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্যও প্রক্রিয়াকরণ করা হবে না।
সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না।
মন্ত্রণালয়ের নজরে এসেছে, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে কর্মীদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
ম্যাংগোটিভি / আরএইচ
