চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগিচাহাটের উত্তরে খানদিঘী শিকারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের বাসটি (চট্ট মেট্রো-ব ১১-১১৭০) খানদিঘী শিকারীপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। বাসটি মহাসড়কের ওপর পড়ে থাকায় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পরে রেকার ও ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। সড়কে সামান্য বাঁক থাকায় ভোররাতে দ্রুতগতির যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ কারণে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ম্যাংগোটিভি / আরএইচ
