সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সাধারণ মানুষকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। স্থাপনাগুলোর মধ্যে রয়েছে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানায় পূর্বঘোষণা অনুযায়ী বিমান হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে।
হুথিদের হুমকির আওতায় থাকা স্থাপনাগুলো হলো দাম্মামে আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীতে অবস্থিত আরামকোর একটি তেল শোধনাগার। এসব স্থাপনা থেকে সরে যাওয়ার পাশাপাশি এগুলো থেকে দূরে থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।
এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সানার একটি তেল স্থাপনায় বিমান হামলা চালানোর ঘোষণা দেন। একই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে হুথি ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত চলছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার দাবি করা হয়েছে। এরপর থেকে হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে সৌদি আরব।
এদিকে মঙ্গলবারও রিয়াদ লক্ষ্য করে ড্রোন ছোড়ার ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে এগুলো কোন স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিংবা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
সানায় সম্ভাব্য সৌদি হামলার ঘোষণার পর হুথিদের পাল্টা হুমকিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ম্যাংগোটিভি / আরএইচ
