দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী প্রীতম হাসান এবং শেহতাজ। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানান এ দম্পতি।
ফেসবুক পোস্টে প্রীতম হাসান লেখেন, ‘আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।’
প্রীতম বলেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি জানান, বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান।
বিবৃতিতে প্রীতম আরও বলেন, ‘এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল।’
তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি তাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি সবসময় পাশে থাকা এবং ভালোবাসা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ম্যাংগোটিভি / আরএইচ
