কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে অনুমতি ছাড়া নিজের নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করার অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এ ঘটনায় লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৭ হাজার কোটি রুপি পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলে জানিয়েছে উর্বশীর টিম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশী ও তার টিমের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, উর্বশীর নাম, ছবি ও ভিডিও কোনো ধরনের অনুমতি ছাড়াই ব্যবহার করেছে ওই প্রতিষ্ঠান। এসব কনটেন্ট ব্যবহার করে ব্যবসা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। উর্বশীর টিমের দাবি, প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মূল্য কয়েকশ কোটি ডলার পর্যন্ত পৌঁছেছে।
এ ঘটনায় বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষতিপূরণের পরিমাণ ৭ হাজার কোটি রুপি পর্যন্ত হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এ ঘটনার মধ্য দিয়ে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন একটি প্রশ্নও সামনে এসেছে। কোনো তারকার নাম, ছবি বা পুরোনো ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন কনটেন্ট তৈরি করা হলে সেই কনটেন্টের অধিকার কার—প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
উর্বশীকে সর্বশেষ ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
ম্যাংগোটিভি / আরএইচ
