চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য সংগ্রহ করেছে সংগঠনটি।
কুমিল্লায় ১৩ বছরের শিশু ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনাটিও এই তালিকায় রয়েছে। নিখোঁজের পর কোনো শিশুর মরদেহ পাওয়া গেছে মাটিচাপা অবস্থায়, আবার কারও মরদেহ উদ্ধার হয়েছে নদী বা ডোবা থেকে।
আসকের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় মোট ১৫৫ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯, ধর্ষণের পর হত্যায় ২৬, ধর্ষণচেষ্টার পর হত্যায় চার, গুলিতে তিন, গৃহকর্মীকে শারীরিক নির্যাতনে দুই, উত্ত্যক্তকারীর হাতে দুই এবং অপহরণের পর হত্যার শিকার হয়েছে এক শিশু।
এ ছাড়া আত্মহত্যা, রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধারের ৯৯টি ঘটনার তথ্য রয়েছে আসকের হিসাবে।
মাটিচাপা দেওয়া হয় সহপাঠীর বাড়িতে
জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের একটি শিশু গত ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। দুই দিন পর ১২ সেপ্টেম্বর সহপাঠীর বাড়ির মেঝেতে মাটিচাপা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা সদরেও সম্প্রতি নিখোঁজের পর এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। ১০ বছরের শিশুটি ৯ সেপ্টেম্বর নিখোঁজ হয়। সাত দিন পর ১৬ সেপ্টেম্বর একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বজনের সঙ্গেও প্রাণ যাচ্ছে শিশুদের
শিশুদের হত্যার আরেকটি ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে পারিবারিক হত্যাকাণ্ডে। গণমাধ্যমে প্রকাশিত চারটি ঘটনায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাত শিশুর নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। গত ২৫ জুন লক্ষ্মীপুরের রায়পুরে একটি ভাড়াবাসায় ঢুকে এক নারী ও তাঁর তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত তিন বোনের মধ্যে সিপার বয়স ছিল ১০ বছর, ইকরা ১৭ এবং সাইমা আক্তারের বয়স ২১ বছর।
আগস্টে রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে খুন হয় তাঁদের ১২ বছরের ছেলে আয়ুশও।
একই মাসে মাদারীপুরের শিবচরে এক নারীর মরদেহ উদ্ধারের পাঁচ দিন পর ২৪ আগস্ট নদী থেকে তাঁর এক বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মা ও শিশুকে হত্যা করা হয়েছে।
এ ছাড়া সুনামগঞ্জের তাহিরপুরে ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে একই পরিবারের ১০, ৭ ও ২ বছরের তিন শিশুকে হত্যা করা হয়।
আট মাসে ২ হাজার ৩৬২ হত্যা মামলা
শুধু শিশুহত্যা নয়, দেশে সামগ্রিক হত্যাকাণ্ডের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে দেশে ২ হাজার ৩৬২টি হত্যা মামলা হয়েছে। সে হিসাবে মাসে গড়ে ২৯৫টি হত্যা মামলা হয়েছে।
এখনো নিখোঁজ ২ হাজারের বেশি শিশু
আসক জানায়, শিশুহত্যার পাশাপাশি নিখোঁজের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হলেও ৮৭ শতাংশের বেশি শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুর সংখ্যা ১৩ হাজার ৬৭৯। সেই হিসাবে এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু, যা মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ।
শিশু সুরক্ষায় জবাবদিহির তাগিদ
বাংলাদেশে শিশুদের ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে গত ২২ মে বিবৃতি দেয় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তৎকালীন বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এসব ঘটনায় দায়মুক্তির অবসানের আহ্বান জানান।
ঘর, প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি পরিসরে শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয় ইউনিসেফ। একই সঙ্গে অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা, শিশুবান্ধব পুলিশ ও বিচারপ্রক্রিয়া, স্থানীয় পর্যায়ে সুরক্ষা সেবা এবং মানসিক-সামাজিক সহায়তার ঘাটতি দূর করার কথা বলা হয়। স্কুল, মাদরাসা ও কর্মক্ষেত্রেও জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সংস্থাটি।
ম্যাংগোটিভি / আরএইচ
