জামালপুরের গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে সবুজ বনানী ও লেকঘেরা উন্মুক্ত চত্বরে বসেছিল এবারের আয়োজনের মূল মঞ্চ।
‘ইত্যাদি’র ধারণকে ঘিরে জামালপুরে তৈরি হয় উৎসবের আমেজ। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। বকশীগঞ্জ ছাড়াও জামালপুরের বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে নানা বয়সী হাজারো মানুষ অনুষ্ঠানটি দেখতে সেখানে উপস্থিত হন।
সাধারণত রাতের আলোকসজ্জায় ‘ইত্যাদি’র মঞ্চ সাজানো হলেও এবার দিনের আলোতেই শুরু হয় ধারণ। মেঘালয় সীমান্তঘেঁষা লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্যকে অনুষ্ঠানের অংশ করে তুলতেই এমন আয়োজন করা হয়েছে।
নতুন পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। ‘ইত্যাদি’র মাধ্যমেই টেলিভিশনে তাদের প্রথম পরিচিতি ঘটে। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
জামালপুরের পরিচিতি তুলে ধরতে থাকছে বিশেষ নৃত্যগীত। এতে কণ্ঠ দিয়েছেন জেলারই সন্তান মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় স্থানীয় বাঙালি ও গারো নৃত্যের পরিবেশনা বাড়তি মাত্রা যোগ করেছে।
দর্শকদের অংশগ্রহণেও থাকছে নিয়মিত আয়োজন। জামালপুরকে ঘিরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচিত করা হয়েছে। পরবর্তী সময়ে তারা জেলার চারজন স্মরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী চারটি গানের অংশবিশেষ পরিবেশন করবেন।
জামালপুরের ইতিহাস-ঐতিহ্য
এবারের পর্বে জামালপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিও উঠে আসবে বিভিন্ন প্রতিবেদনে। জেলার অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা নকশিকাঁথা, ঐতিহ্যবাহী খাবার মিল্লি বা পিঠালি এবং জামালপুরের প্রত্নসম্পদ নিয়ে থাকছে তথ্যভিত্তিক প্রতিবেদন।
দেশের অন্যতম প্রাচীন ও বড় ‘তুলসীপুর ঘোড়ার হাট’ নিয়েও থাকছে বিশেষ আয়োজন।
এ ছাড়া নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার ও বাল্যবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের জীবনসংগ্রাম নিয়ে রয়েছে মানবিক প্রতিবেদন। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের শ্রমে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির গল্পও তুলে ধরা হবে।
বিদেশি প্রতিবেদন পর্বে এবার দেখা যাবে চীনের ঐতিহ্যবাহী শহর ‘সুঝৌ’। প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে গড়ে ওঠা শহরটির বিভিন্ন দিক তুলে ধরা হবে প্রতিবেদনে।
নিয়মিত চিঠিপত্র পর্বের পাশাপাশি থাকছে সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। ভাইরাল গান, ডিজিটাল ট্রল, অন্ধভক্তি, অনলাইন সোলজার, লাইভ টকের ঝুঁকি, তৈলবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি উঠে আসবে এসব আয়োজনে।
এবারের ‘ইত্যাদি’তে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’র জামালপুর পর্বটি প্রচার হবে ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ম্যাংগোটিভি / আরএইচ
