কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের অর্থায়ন সুবিধা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এ লক্ষ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ এন হামিদুল্লাহ সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশনের শরীফ হাসান মামুন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক চলতি মূলধনের সংকটে থাকা সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নের সুযোগ দিতে ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। চলতি বছরের ৮ জুন জারি করা সার্কুলার অনুযায়ী, তহবিলটির মেয়াদ তিন বছর। এর আওতায় কার্যক্রম সচল থাকলেও প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসা পরিচালনা করতে পারছে না—এমন প্রতিষ্ঠান অর্থায়ন সুবিধা পাবে।
এই স্কিমে উদ্যোক্তাদের জন্য ঋণ বা বিনিয়োগের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন দেবে।
বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার সমন্বিত অর্থায়ন উদ্যোগের অংশ হিসেবে সিএমএসএমই খাতে এই পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এর লক্ষ্য হলো চলতি মূলধনের সংকটে থাকা উদ্যোক্তাদের অর্থায়নের মাধ্যমে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা।
কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণের মাধ্যমে সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকটির ভূমিকা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ম্যাংগোটিভি /আরএইচ
