রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দরের দুর্ঘটনা প্রতিবেদনে জানানো হয়েছে। হতাহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান ও ল্যান্স কর্পোরাল জুবাইদুল।
আহতদের মধ্যে কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে পুলিশের দুর্ঘটনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, বিমানবাহিনীর পিকআপটি থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমানবাহিনীর সদস্য। আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের বিস্তারিত পরিচয় মঙ্গলবার জানানো হবে।
ম্যাংগোটিভি / আরএইচ
