রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রিধির বাসা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি জানান, রিধির মা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। আমরা তাকে সেখান থেকেই গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’
শনিবার সকালে রিধিকে তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় রিধি তার প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন। তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে রিধির মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। মামলার তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরে অভিনয়েও নিয়মিত হন তিনি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ম্যাংগোটিভি / আরএইচ
