রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদারের কাছে ব্যাংকের দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে একই অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এই দুই ব্যাংকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে একীভূত পাঁচটি ব্যাংকের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার দ্রুততম সময়ে স্বাভাবিক ব্যাংকিং সেবা চালুর প্রতিশ্রুতি দেন। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।
ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কঠোর সুশাসন, পূর্ণাঙ্গ শরিয়াহ পরিপালন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং নিশ্চিত করে সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি টেকসই ও জনকল্যাণমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ম্যাংগোটিভি / আরএইচ
